স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দেশটির আতালায়াস এলাকায় অবস্থিত জনপ্রিয় টেট্রি নাইটক্লাবে সকাল ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর রয়টার্স।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মারা গেছেন চারজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো অগ্নিকাণ্ডের পর অনেক মানুষ নিখোঁজ। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধারকর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

মার্সিয়ার ফায়ার সার্ভিস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেয়া ফুটেজে দেখা যায়, নাইটক্লাবটিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগুনের কারণে ছাদের কিছু অংশসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মেয়র হোসে ব্যালেস্তা মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আতালায়াসের নাইটক্লাবে নিহতের সংখ্যা সাতে পৌঁছেছে।