ভারতের অন্যতম বিশিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী রতন টাটা ৮৬ বছর বয়সে মারা গেছেন। তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন।

স্টিল থেকে সফটওয়্যার পর্যন্ত বিস্তৃত এই গ্রুপটি ১০০টিরও বেশি কোম্পানিতে ৬ লাখ ৬০ হাজার মানুষকে কর্মসংস্থান দেয়। ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটার বার্ষিক রাজস্ব ১ হাজার কোটি ডলারেরও বেশি।

১৯৩৭ সালে এক বিশিষ্ট পার্সি পরিবারে জন্ম নেয়া রাতন টাটা যুক্তরাষ্ট্রে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ১৯৬২ সালে টাটা গ্রুপে যোগ দেন। জেআরডি টাটা ১৯৯১ সালে তাকে উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন। যদিও কোম্পানির অভ্যন্তরে সেই সময় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে রতন টাটা এই দায়িত্ব সামলাতে পারবেন কিনা। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ একটি বৈশ্বিক ব্র্যান্ডে রূপান্তরিত হয়।

তার নেতৃত্বেই কোরাস, জাগুয়ার ল্যান্ড রোভার এবং টেটলি টি-এর মতো বড় কোম্পানিগুলো অধিগ্রহণ করে টাটা কোম্পানি।

তবে একজন ব্যবসায়ী হিসেবে রতন টাটার জীবন সবসময়ই মসৃণ ছিল এমনটাও নয়। ব্যর্থ হয়েছে চৌকশ এই ব্যবসায়ীর প্রজেক্ট, তিনি মুখোমুখি হয়েছেন পেশাগত চ্যালেঞ্জেরও। টাটা কোম্পানির নেয়া বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে ন্যানো গাড়ি চালু করার উদ্যোগটি সস্তা ব্র্যান্ডিংয়ের কারণে ব্যর্থ হয়।

রতন টাটা ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জের মুখোমুখিও হন। যার মধ্যে ছিল ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলা। যেখানে টাটা কোম্পানির সম্পত্তি তাজ মহল প্যালেস আক্রান্ত হয়েছিল। তবে সে সময় নিহত কর্মীদের পরিবারের প্রতি তার অঙ্গীকার সর্বত্র প্রশংসিত হয়েছিল।

মিতভাষী এবং সংযমী হলেও, টাটা তার শৃঙ্খলা ও আশাবাদের জন্য পরিচিত ছিলেন। তার ক্যারিয়ারের শেষের দিকে, তিনি সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়ার পর একটি ব্যবস্থাপনা বিরোধেও জড়িয়ে পড়েন। তবুও, রতন টাটা তার নেতৃত্ব এবং ভারতে সমান সুযোগের পক্ষে কথা বলার মানুষ হিসেবেই পরিচিত হয়ে থাকবেন।