আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজানের সাম্প্রতিক দখলের পর থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চল থেকে এক লাখেরও বেশি জাতিগত আর্মেনিয়ান পালিয়েছে। যার কারণে জাতিগত আর্মেনিয়ান ছিটমহল প্রায় খালি হয়ে এসেছে। খবর বিবিসি।
আজারবাইজানের দাবি বাসিন্দাদের প্রতি ন্যায্য আচরণের সঙ্গে অঞ্চলটি আবার সংহত করতে চায় তারা, তবে আর্মেনিয়ার এক মুখপাত্র একে মিথ্যা দাবি বলে অভিহিত করেছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, প্রায় এক লাখ মানুষ পালিয়েছে। যারা পালিয়েছে, তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত, ক্লান্ত ও অবিলম্বে তাদের সহায়তা প্রয়োজন। নাগোর্নো-কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত, যা গত তিন দশক ধরে জাতিগত আর্মেনিয়ানদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল।
আজারবাইজানের সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ২০০ জন আর্মেনীয় ও বহু আজারবাইজানি সৈন্য নিহত হয়।
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বিচ্ছিন্নতাবাদীরা তাদের অস্ত্র সমর্পণ করতে সম্মত হয়েছেন।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র নাজেলি বাগদাসারিয়ান দাবি করেন, নাগোর্নো-কারাবাখ থেকে গত সপ্তাহে দেশটিতে প্রায় এক লাখ ৪১৭ জন শরণার্থী প্রবেশ করে।
নাগোর্নো-কারাবাখে মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অবিলম্বে জাতিসংঘের একটি দল মোতায়েনের আহ্বান জানিয়েছে আর্মেনিয়া।










