জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে কয়েক বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বিশ্ব। প্রতিনিয়তই বিশ্বের কোনো না কোনো প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে নানা দেশ। এতে প্রাণহানির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও। একদল গবেষকের বরাতে রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, বর্তমান পরিস্থিতি আরো উদ্বেগজনক। তাদের গবেষণা বলছে, চলতি বছরই বিশ্ব আরো অন্তত ২১টি ভয়াবহ ঝড়ের কবলে পড়তে পারে। এগুলোর মধ্যে চারটি হারিকেন এবং ছয়টি তীব্র হারিকেন রয়েছে। এসব প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে বৈশ্বিক তাপমাত্রা এবং সাগরের উষ্ণতা বেড়ে যাওয়াকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা।
সম্প্রতি মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) ঘূর্ণিঝড়ের এ পূর্বাভাস দিয়ে জানিয়েছে, ১৪ থেকে ২১ নম্বরগুলো সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে। আর ৬ থেকে ১১ নম্বরগুলো হারিকেনে পরিণত হতে পারে। যাদের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৯ কিলোমিটার বা তার চেয়ে বেশি। এছাড়া ২ থেকে ৫ নম্বরে থাকা ঘূর্ণিঝড় প্রতি ঘণ্টায় ১৭৯ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলেও জানিয়েছেন তারা।
এদিকে প্রধান হারিকেনগুলো আঘাত হানলে মেক্সিকো উপসাগরে অফশোর অপরিশোধিত তেল উত্তোলন এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন ব্যাহত করতে পারে। সেই সঙ্গে টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপি উপসাগরীয় উপকূলীয় রাজ্যগুলোর শোধনাগারগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।










