হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেস্বর) দুপুরে দলীয় সম্মেলনে নিজেই একথা ঘোষণা করেন তিনি। খবর এনডিটিভি।
রোববার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানিয়েছেন, দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। কেজরিওয়াল আরো জানান, নির্বাচনে জেতার আগে এই পদে আর ফিরতে চান না তিনি। এছাড়া দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন কেজরিওয়াল।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে গত শুক্রবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। জেলমুক্তির দু’দিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।










