পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদ বন্ধ রাখায় শত শত মানুষ এর প্রবেশদ্বার ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। খবর আল জাজিরা।

গণমাধ্যমটি জানায়, দখলকৃত পূর্ব জেরুজালেমের দামাস্কাস গেটসহ মসজিদের আঙিনার কাছাকাছি সম্ভাব্য সব পয়েন্টে মুসল্লিরা জড়ো হয়েছেন। ইসরায়েলি সৈন্যরা মসজিদের ভেতরে প্রবেশের সব পথ বন্ধ করে দেয়ায় তারা বাইরেই ঈদের জামাত সম্পন্ন করেন।

জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি’ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দাবি করে এর নিন্দা জানিয়েছে। জেরুজালেম গভর্নরেটের বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের লক্ষ্য নতুন করে ইহুদিকরণ চাপিয়ে দেওয়া এবং আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি ও ইসলামি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা।