কম্বোডিয়ায় দীর্ঘ ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা নেতা হুন সেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার এক বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

এর মধ্যে দিয়ে তার ছেলে হুন মানেতের ক্ষমতায় যাওয়ার পথই প্রশস্ত হল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মানেত। হুন সেন বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন এবং তার ছেলে হুন মানেত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্ব নেবেন।

নির্বাচনে জয়ী হলে তার বড় ছেলে হুন মানেতের হাতেই দেশের ক্ষমতা হস্তান্তরিত হবে—এরকম একটি ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছিলেন।

প্রায় ৪০ বছর ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া শাসন করছেন হুন সেন। চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। এরপরই পদত্যাগের ঘোষণা দিলেন হুন সেন।

ওই নির্বাচনে সিপিপির সঙ্গে অংশ নিয়েছিল আরো ১৭টি রাজনৈতিক দল। যদিও প্রধান বিরোধীদলকে নির্বাচনের আগে অযোগ্য ঘোষণা করা হয়। সমালোচকরা দেশটির এবারের সাধারণ নির্বাচনকে ‘ব্যাপক প্রতারণা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।

সমালোচকরা বলছেন, হুন সেন তার বড় ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে দলের ক্ষমতায় থাকার পথ পোক্ত করতেই বিরোধী শক্তিবিহীন এই নির্বাচন আয়োজন করেন। নির্বাচনের পরই কম্বোডিয়ার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটিতে কিছু বিদেশি সহায়তা কর্মসূচিও স্থগিত করার ঘোষণা দেয় ওয়াশিংটন। মূলত গণতন্ত্রকে অবমূল্যায়ন ও ধ্বংসসাধনের চেষ্টা করা ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।