ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৫৯ জন। খবর বিবিসি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগের তথ্যমতে, সুমাত্রা দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে শুষ্ক মৌসুমেও আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে দেশটি। সোমবার শুরু হওয়া বৃষ্টির ফলে উত্তর সুমাত্রার নর্দান প্রদেশে নদীগুলো তীর ভেঙে গ্রামাঞ্চলে প্রবাহিত হয়েছে। এতে পাহাড়ি গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে, পানিতে ডুবে গেছে দুই হাজারের বেশি বাড়ি ও অন্য ভবন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। অন্তত তিনটি জেলার সড়ক যোগাযোগ আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাড়ির ছাদে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি পরিষেবা কর্তৃপক্ষ। তবে কাদামাটির ধস, বিদ্যুৎ বিভ্রাট ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।