বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্টে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার এক দিন এ বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল।

এস জয়শঙ্কর ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রও থাকতে পারে মর্মে’ সন্দেহ প্রকাশ করেন। যদিও পরে তিনি বাংলাদেশে সরকার ‘স্টেপ ডাউন’ হয়েছে বলে উল্লেখ করেন। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে পাকিস্তানের কোনো ইন্ধনের তথ্য না থাকলেও ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা ছাত্র আন্দোলনের সমর্থনে তাদের ফেসবুক প্রোফাইল লাল করেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জয়শঙ্কর তার বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে মর্মে উল্লেখ করেন তিনি।

জয়শঙ্কর বলেন, ৫ আগস্ট নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা পদত্যাগ করেন। বাংলাদেশে ভারতীয় অন্তত ১৯ হাজার নাগরিক ছিলেন। তাদের মধ্যে শিক্ষার্থী ৯ হাজারের বেশি। যাদের মধ্য থেকে অন্তত ৮ হাজার নিরাপদে ভারতে ফিরে এসেছেন। তাদের নিরাপত্তা এবং দেশ ত্যাগের বিষয় বিভিন্ন প্রতিষ্ঠান সহায়তা করেছে। আমরা তাদের স্বাগত জানাই। আমরা গত ২৪ ঘণ্টা বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।