ইসরায়েলের কাছে ২০ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) এই অনুমোদন দিলেও পেন্টাগন বলেছে, কয়েক বছরের মধ্যে অস্ত্র সরবরাহ শুরু হবে না। খবর রয়টার্স।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন প্রায় ১৯ বিলিয়ন ডলার মূল্যের এফ-১৫ যুদ্ধবিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন। সে সঙ্গে, ট্যাংকের কার্তুজ, মর্টারের কার্তুজ এবং সাঁজোয়া যান বিক্রির অনুমোদন দিয়েছেন বলে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে।

প্রক্রিয়াটির একজন বিশেষজ্ঞ বলেছেন, কিছু অস্ত্রের সরবরাহ ২০২৬ এর আগেও হতে পারে। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এল যখন হামাস ও হিজবুল্লাহ সিনিয়র নেতাদের হত্যার দায়ে ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে হুমকি দিয়ে রেখেছে ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান ও এর মিত্রদের হুমকি ঘিরে মধ্যপ্রাচ্যে এখন বড় ধরনের যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া এড়াতে কাজ করছে। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে ইসরায়েলে ইরানের হামলা এড়ানো যেতে পারে।

মার্কিন কর্মকর্তারা জুন মাসে রয়টার্সকে বলেছিলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এবং অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ১০ হাজারেরও বেশি অত্যন্ত বিধ্বংসী ২ হাজার পাউন্ডের বোমা এবং হাজার হাজার মিসাইল দিয়েছে।