নিজস্ব একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। মধ্য কিয়েভের আকাশে মনুষ্যবিহীন যানটি (ইউএভি) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ ব্যবস্থা নেয়া হয়। খবর বিবিসি।

গতকাল বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে একটি এলাকায় ড্রোনটিকে গুলি করা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে যানটিকে বিস্ফোরিত হতে দেখা যায়।

প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক প্রাথমিকভাবে বলেছিলেন, একটি শত্রু ড্রোনকে গুলিতে ভূপাতিত করা হয়েছে।

তবে বিমান বাহিনী জানায়, ড্রোনটির মালিকানা ইউক্রেনের। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ধ্বংস করা হয়েছিল। যানটি স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় নির্ধারিত উড়ানের সময় কিয়েভে নিয়ন্ত্রণ হারায়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর আকাশে ইউএভির অনিয়ন্ত্রিত উপস্থিতি অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে গুলি করার সিদ্ধান্ত নেয়া হয়।

ড্রোনের পতন থেকে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়। প্রযুক্তিগত ত্রুটির নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে বলে বিবৃতিতে বলা হয়।

ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করার পরেঘটনাটি ঘটল। রাশিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য হামলা করা হয়েছিল। যদিও তখন তিনি বাসভবনে ছিলেন না।

তবে কিয়েভ বলছে, ইউক্রেনে বড় ধরনের হামলার পরিকল্পনা রয়েছে মস্কো। এর জন্য ড্রোন হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে কোনো প্রমাণ না দিয়ে গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘নিঃসন্দেহে’ ওই হামলার পেছনে ছিল যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি মস্কোর অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।