ব্রাজিলের বেলেম শহরে নভেম্বরে বসছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩০’। তবে সেখানে হোটেল সংকট ও অতিরিক্ত ভাড়া বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোকে ছোট প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর দ্য গার্ডিয়ান।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে জলবায়ুবিষয়ক সচিবালয়ের নির্বাহী সচিব সাইমন স্টিল বলেছেন, বেলেমে হোটেল সুবিধার সীমাবদ্ধতা রয়েছে। তাই কপ৩০ সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ ও সংস্থাগুলোকে প্রতিনিধি দল ছোট রাখতে বলা হয়েছে। এতে একদিকে খরচ যেমন কমবে, পাশাপাশি সীমিত হোটেল সুবিধাতেই সবাইকে জায়গা দেয়া সম্ভব হবে।

আয়োজক দেশ ব্রাজিল জানিয়েছে, তারা শহরটিতে হোটেল সুবিধা বাড়ানোর চেষ্টা করছে। সম্মেলন অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব মানা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। তবে দরিদ্র দেশগুলোর জন্য ১৫টি কক্ষ কম খরচে বরাদ্দ রাখার আশ্বাস দেয়া হয়েছে।

বেলেমে কক্ষ সংকটের কারণে হোটেল ভাড়া অনেক বেড়ে গেছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এতে প্রতিনিধি দল পাঠানো ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। ফলে বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছু দেশ সতর্ক করেছে যে সমস্যার সমাধান না হলে এবারের সম্মেলন হবে সবচেয়ে কম অন্তর্ভুক্তিমূলক।

গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও একই অভিযোগ তুলেছেন। তারা বলছেন, অতিরিক্ত খরচের কারণে কপ৩০ সম্মেলনের কাভারেজ সীমিত করতে হবে। কোথাও কোথাও হয়তো পুরো কাভারেজ বাতিলেরও প্রয়োজন হতে পারে। এতে জলবায়ুবিষয়ক বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ এ আলোচনায় স্বচ্ছতা কমবে এবং নাগরিক সমাজের ভূমিকা দুর্বল হয়ে পড়বে।

গত মাসে এক বৈঠকে জাতিসংঘ ব্রাজিলকে হোটেল ভাড়া ভর্তুকি দেয়ার প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী, দরিদ্র দেশগুলোর জন্য প্রতিদিনের ভাড়া রাখা হবে ১০০ ডলার, আর অন্য দেশগুলোর জন্য ৪০০ থেকে ৫০০ ডলার। তবে ব্রাজিল জানিয়েছে, তারা এরই মধ্যে অনেক ব্যয় বহন করছে। তাই অতিরিক্ত ভর্তুকি তাদের পক্ষে দেয়া সম্ভব নয়।