আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় টয়োটা মোটরের বৈশ্বিক বিক্রি ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৪ হাজার ৯৬৩ ইউনিটে। এর মাধ্যমে টানা আট মাস বিক্রি বাড়ার ধারাবাহিকতা বজায় রাখল জাপানি কোম্পানিটি। এ সময় জাপানে টয়োটার চাহিদা কমলেও যুক্তরাষ্ট্রে হাইব্রিড মডেলের চাহিদা বেড়েছে। খবর রয়টার্স ও নিক্কেই এশিয়া।
আগস্টে টয়োটা মোটরের বৈশ্বিক উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ, যার পরিমাণ ৭ লাখ ৪৪ হাজার ১৭৬ ইউনিট। এ নিয়ে টানা তিন মাস উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখেছে কোম্পানিটি। বিক্রি ও উৎপাদনের এ হিসাবে বিলাসবহুল লেক্সাস ব্র্যান্ডও অন্তর্ভুক্ত।
বিদেশী বাজারেও টয়োটা আগস্টে বিক্রির রেকর্ড গড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬৯৪ ইউনিটে। যুক্তরাষ্ট্রে বিক্রি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। সেখানে সরবরাহ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৬৭ ইউনিট। যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও হাইব্রিড গাড়ির চাহিদা প্রবৃদ্ধি ধরে রাখতে সাহায্য করেছে।
অন্যদিকে চীনে টয়োটার বিক্রি বাড়ার গতি ছিল শ্লথ। গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে দশমিক ৯ শতাংশ। মোট বিক্রি দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪১৫ ইউনিটে। সরকারের পরিবেশবান্ধব গাড়ি কেনায় ভর্তুকি ও নতুন ইভি মডেলের চাহিদা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে টয়োটা।
বিশ্ব বাজারের তুলনায় স্থানীয় বাজারে টয়োটার বিক্রির চিত্র ছিল ভিন্ন। জাপানে প্রতিষ্ঠানটির আগস্টে বিক্রি ১২ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬ হাজার ২৬৯ ইউনিট। রাশিয়ার কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হওয়ায় উৎপাদন স্থগিত ছিল। ফলে সরবরাহে দেরি হয়েছে ও বিক্রি চাপের মুখে পড়ে কোম্পানিটি।
উৎপাদনের ক্ষেত্রেও অঞ্চলভেদে ভিন্নতা রয়েছে। যুক্তরাষ্ট্রে কোম্পানিটির উৎপাদন ১৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ১ লাখ ২৬ হাজার ৮১ ইউনিট। চীনে ৮ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৩ ইউনিট। জাপানে উৎপাদন ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৯০ ইউনিটে।










