লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফাতাহ আন্দোলনের একজন কমান্ডারও রয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
গণমাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার ইসলামপন্থী আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হলে সহিংসতা শুরু হয়। এতে গ্রুপের নেতাসহ আরো ছয়জন আহত হন। পরে এই উত্তেজনা ও সহিংসতা রোববার সারাদিনই চলতে থাকে এবং ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচি ও তার চার সহযোগী নিহত হন।
এক বিবৃতিতে লেবাননের ফিলিস্তিনি শিবিরগুলোর ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ ক্ষুণ্ণ করার লক্ষ্যে ‘জঘন্য ও কাপুরুষোচিত অপরাধ কার্যক্রমের’ নিন্দা করেছে ফাতাহ। এদিকে সহিংসতার সময় ছয়জন নিহতের পাশাপাশি লেবাননের বেশ কয়েকজন সেনাও আহত হয়েছেন বলে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে।
ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফ্যুজিস ইন লেবানন (ইউএনআরডব্লিউএ)-এর পরিচালক ডরোথি ক্রাউস বলেছেন, শিবিরে সংস্থার সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি ‘সকল পক্ষকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতিসংঘ প্রাঙ্গণের আইনকে সম্মান করার’ আহ্বান জানান।










