সৌদি আরবের রিয়েল এস্টেট ডেভেলপার দার গ্লোবাল জেদ্দায় এক বিলিয়ন ডলারের ট্রাম্প প্লাজা নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসা উপসাগরীয় অঞ্চলে সম্প্রসারণের অংশ হিসেবেই এ প্রকল্প নেয়া হচ্ছে। এটি সৌদি আরবে ট্রাম্প ব্র্যান্ডের দ্বিতীয় প্রকল্প হবে। এর আগে গত বছর জেদ্দায় এ ব্র্যান্ডের প্রথম প্রকল্প ট্রাম্প টাওয়ার চালু হয়েছিল।

জানা গেছে, জেদ্দায় নতুন ঘোষিত ট্রাম্প প্লাজা প্রকল্পে প্রিমিয়াম আবাসিক ফ্ল্যাট, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, অফিস স্পেস ও বিলাসবহুল টাউনহাউস থাকবে। পাশাপাশি প্রকল্পের পুরো এলাকাজুড়ে নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে অনুপ্রাণিত একটি পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তবে প্রকল্পটি কবে নাগাদ শেষ হবে কিংবা আনুষ্ঠানিকভাবে চালু হবে সে বিষয়ে কোম্পানিটি এখনো কোনো সময়সীমা জানায়নি কর্তৃপক্ষ।

ট্রাম্প অর্গানাইজেশনের বেশিরভাগ ব্যবসা যুক্তরাষ্ট্রকেন্দ্রিক হলেও মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তাদের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। নতুন প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে প্রতিষ্ঠানটির ব্যবসা আরো প্রসারিত হচ্ছে।

উল্লেখ্য দার গ্লোবাল সৌদি আরবের দার আল আরকান রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানির আন্তর্জাতিক শাখা। প্রতিষ্ঠানটি এরই মধ্যে দুবাই ও জেদ্দায় ট্রাম্প টাওয়ার প্রকল্প ও কাতারে একটি রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করছে।