খাদ্য প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে সোমবার তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। ফেইক্সের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার অধীনস্থ এক সহকর্মীর সঙ্গে ‘গোপন প্রেমের সম্পর্ক’ বজায় রেখেছিলেন। যা প্রতিষ্ঠানটির করপোরেট গর্ভন্যান্স নীতিমালা ভঙ্গ করেছে। খবর এপি।
নেসপ্রেসো কফি ক্যাপসুল ও কিটক্যাট চকলেট বারসহ নানা পণ্যের নির্মাতা কোম্পানি নেসলে জানিয়েছে, তদন্তে পাওয়া ফলাফলের ওপর ভিত্তি করেই ফ্রেইক্সকে পদ থেকে সরানো হয়েছে। মাত্র এক বছর আগে সিইও পদে বসেছিলেন তিনি। তার পরিবর্তে দায়িত্ব নিয়েছেন কোম্পানির দীর্ঘদিনের নির্বাহী ফিলিপ নাভ্রাটিল।
এক বিবৃতিতে কোম্পানির চেয়ারম্যান পল বুলকে বলেছেন, ‘এটি ছিল একটি অপরিহার্য সিদ্ধান্ত। নেসলের মূল্যবোধ ও শাসনব্যবস্থা আমাদের কোম্পানির শক্ত ভিত্তি।’ তবে তদন্ত সম্পর্কে অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৯৮৬ সালে নেসলেতে যোগ দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দেন ফ্রেইক্স। ২০২২ সালে কোম্পানির ভৌগোলিক কাঠামো পুনর্গঠন হলে তিনি লাতিন আমেরিকা অঞ্চলের সিইও হন। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি সাবেক প্রধান নির্বাহী মার্ক শ্নাইডারের জায়গায় সিইও পদে বসেন। নতুন প্রধান নির্বাহী নাভ্রাটিল ২০০১ সালে নেসলেতে অভ্যন্তরীণ নিরীক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি মধ্য আমেরিকার বিভিন্ন পদে কাজ করেছেন। ২০২০ সালে কফি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে দায়িত্ব নেন এবং ২০২৪ সালে নেসলের নেসপ্রেসো বিভাগে সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
সুইজারল্যান্ডভিত্তিক এই বহুজাতিক কোম্পানি বর্তমানে অন্যান্য খাদ্যপণ্য নির্মাতাদের মতোই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে—বিশেষ করে কাঁচামালের মূল্যবৃদ্ধি ও শুল্কের নেতিবাচক প্রভাব। গত বছর নেসলের শেয়ারদর প্রায় এক চতুর্থাংশ কমে যায়। নেসলে জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে তারা কফি ও কোকো খরচ বৃদ্ধির চাপ সামলাতে পণ্যের দাম বাড়িয়েছে। নেসলের পণ্যের মধ্যে রয়েছে পিউরিনা কুকুরের খাবার, ম্যাগি কিউব, গারবার শিশু খাদ্য ও নেস্কুইক চকলেট স্বাদের পানীয়।










