ইউক্রেনের বন্দর শহর ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৯ জন। হামলায় একটি অর্থোডক্স ক্যাথেড্রাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকারি পর্যায়ের কর্মকর্তারা এসব নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

ওডেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে দেয়া এক বার্তায় জানান, সাম্প্রতিক এ উড়োজাহাজ হামলায় আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তিনি বলেন, ‘রাতের অন্ধকারে রুশ দানবরা আরো একটি হামলা চালিয়েছে। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে তিনটি শিশু।’

হামলায় ছয়টি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংও ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন গভর্নর ওলেগ। গত সপ্তাহে শস্য চুক্তি থেকে সরে আসার পর থেকেই ইউক্রেনের বন্দরগুলোতে হামলা তীব্র করেছে রুশ বাহিনী। প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে খাদ্য পরিবহন। ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে জানায়, ওডেসায় অনিক্স ক্ষেপণাস্ত্র এবং সাগর থেকে কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

 শহরের সামরিক প্রশাসন বলছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোর একটি ‘উল্লেখযোগ্য অংশ’ ধ্বংস করেছে। তারা জানায়, কয়েকটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের (ইউওসি) স্পাসো-প্রিওব্রাজেনস্কি ক্যাথেড্রাল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

ওডেসার কর্মকর্তাদের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ১৮ শতকের ভবনটির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। ভেতরে কেবল ধ্বংসস্তূপ।এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।