রুশ গোলার আঘাতে দক্ষিণ ইউক্রেনে শিশুসহ
সাতজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১৩ আগস্ট) তারা হামলার শিকার হন। নিহতদের মধ্যে তিন
সপ্তাহ বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই ও মা-বাবা রয়েছেন। খবর বিবিসি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী
ইগর ক্লাইমেনকো। গণমাধ্যমকে তিনি জানান, খেরসনের একটি গ্রামে রুশ বাহিনী এই হামলা চালায়।
বিভিন্ন গণমাধ্যমের দেয়া তথ্যের বিশ্লেষণ
করে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে ৫০০ এর বেশি ইউক্রেনীয় শিশু
নিহত হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে মানবধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাইমেনকো বলেন,
রাশিয়াকে অবশ্যই এই সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত
বলকা গ্রামের ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে বিভিন্ন স্থাপনা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা
যাচ্ছে।
মন্ত্রী আরো জানান, এই হামলায় অন্তত
১৩ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
এক ভাষণে রাশিয়ার এই হামলাকে ‘নৃশংস’ বলে উল্লেখ করেছেন। আবারো হুশিয়ারি দিয়ে বলেন,
মস্কোকে এর কঠিন জবাব দেয়া হবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর
ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার দাবি করেছিলেন। এর একটি হলো খেরসন।










