পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব আসাদ উমর গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। স্থানীয় সময় আজ বুধবার ( ১০ মে) আইএসসির প্রাঙ্গণ থেকে তাকে তুলে নেয়া হয়। খবর জিও নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদের হাইকোর্টের বার রুম থেকে তাকে তুলে নিয়ে যায় সিটিডির কর্মকর্তারা। তবে পাকিস্তানের সাবেক এ অর্থমন্ত্রীকে কোন মামলায় আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। তাকে আটকের সময় সঙ্গে ছিলেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি, সিনেটর সাইফুল্লাহ সারওয়ার খান এবং গুলাম সারওয়ার খান। নেতাদের মূল উদ্দেশ্য ছিল আগেই গ্রেফতার হওয়া ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য আবেদন করা।
পিটিআইয়ের তিন নেতা বার রুমে ফিরে আসলেও উমরকে সঙ্গে করে নিয়ে যায় পুলিশ। তাকে আটকের ঘটনায় টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফের আরেক নেতা শিরিন মাজারি। দলটির নেতাদের গ্রেফতারে জন্য এখন উর্বর ভূমিতে পরিণত হয়েছে আইএসসির প্রাঙ্গণ।
এদিকে ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতারের পর আইন অনুযায়ী সর্বোচ্চ রিমান্ডের আবেদন করতে যাচ্ছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। সংস্থাটির সূত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানিয়েছে, পিটিআই চেয়ারম্যানকে বুধবার (১০ মে) বিকেলে জবাবদিহিতার আদালতে হাজির করা হবে।
এর আগে মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার করা হয় দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-এর পরোয়ানার ভিত্তিতে। আদালত প্রাঙ্গণ থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয় এই সাবেক প্রধানমন্ত্রীকে। গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছেন পিটিআইয়ের সমর্থকরা। নিরাপত্তা পরিস্থিতি ভঙ্গের অভিযোগ তুলে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।










