ভাগনার গ্রুপের যোদ্ধারা রাশিয়া থেকে বেলারুশে এসেছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় ও পোলিশ কর্মকর্তারা। শনিবার তারা বলেছেন, বেলারুশে পৌঁছার একদিন পর মিনস্ক জানিয়েছে, ভাড়াটে যোদ্ধারা এখন রাজধানীর দক্ষিণ-পূর্বে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। খবর রয়টার্স।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনীয় সীমান্ত এজেন্সির মুখপাত্র আন্দ্রি ডেমচেঙ্কো বলেছেন, ‘ভাগনার বাহিনী এখন বেলারুশে অবস্থান করছে। রাশিয়া থেকে বিচ্ছিন্ন এ গোষ্ঠীকে বেলারুশে দেখা গেছে।’

ভাড়াটে যোদ্ধাদের ঘনিষ্ঠ দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভাগনার যোদ্ধাদের অনেকে কমপক্ষে গত মঙ্গলবার থেকে বেলারুশে রয়েছেন। বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা গেছে, ভাগনার যোদ্ধারা ওসিপোভিচি শহরের কাছে একটি সামরিক এলাকায় বেলারুশিয়ান সৈন্যদের নির্দেশ দিচ্ছেন। গত জুনে ভাগনার গ্রুপ রাশিয়ান সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে মস্কোর দিকে অগ্রসর হয়েছিল। ফলে রাশিয়ায় গৃহযুদ্ধের আশাঙ্কা তৈরি হয়েছিল।