ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তার পরিণতি হবে গভীর ও অপূরণীয়।’ খবর রয়টার্স। আজ বুধবার তিনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘ইরানের ইতিহাস যারা জানে, তারা জানে হুমকির ভাষা ইরানিরা সহ্য করে না।’

খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি—ইরান কখনো কোনো চাপের মুখে শান্তি বা যুদ্ধ গ্রহণ করবে না। ইরান আত্মসমর্পণ করবে না, আর মার্কিন হামলার জবাবে কঠিন প্রতিক্রিয়া আসবে।’

তিনি আরো বলেন, ‘শহীদদের রক্ত ও আমাদের ভূখণ্ডে হামলার কথা মানুষ ভুলবে না। ইসরায়েল বড় ধরনের ভুল করেছে এবং তার কঠিন শাস্তি পাবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে আসছে। তিনি জানান, ‘আপাতত’ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা নেই। তবে তার কথায় আগ্রাসী মনোভাব স্পষ্ট ছিল। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন।‘ তিনি আরো লেখেন, ‘আমরা তাকে মেরে ফেলছি না, অন্তত এখনই না। কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।‘ এর তিন মিনিট পর ট্রাম্প আরো একটি পোস্টে লেখেন— ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’