রাতের আধারে ইসরায়েলি বিমান হামলায় গাজা
উপত্যকায় নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সশস্ত্র সংগঠনের কমান্ডার
বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা
তিন সশস্ত্র সংগঠনের নেতাকে লক্ষ্যবস্তু করেছিল। সংগঠন সূত্রে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত
করেছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সোমবার
(৮ মে) দিবাগত রাতে গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের উপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয়
রাফাহ শহরের একটি বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে
জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজা
উপত্যকায় জিহাদ ঘন্নাম ও খলিল আল-বাহতানি এবং পশ্চিম তীরে তারেক ইজদিন নামের নেতাদের
চিহ্নিত করেছে তারা। অন্যদিকে এএফপির সাংবাদিক জানান, ঘন্নামের মৃতদেহ দেখেছেন তিনি।
স্থানীয় সময় রাতে ২টার একটু পরই শুরু
হয় বিমান হামলা। হামলা স্থলে দুই ঘণ্টা পরও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিমান হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি
রকেট হামলা হতে পারে, এ সতর্কতা জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার ২৫ মাইলের মধ্যে
বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে।
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে
চলেছে। সেখানে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ‘সন্দেহভাজন ফিলিস্তিনিদের’ আটক করতে অভিযান
চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল বলছে, পশ্চিম তীরে অভিযান চালানোর
উদ্দেশ্য সশস্ত্র নেটওয়ার্কগুলোকে ধ্বংস ও ভবিষ্যতের আক্রমণকে ব্যর্থ করা। তবে এই
হামলাকে ৫৬ বছরের খোলামেলা দখলদারিত্বকে সম্প্রসারণের অংশ হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা।










