যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩-তে পৌঁছেছে। এছাড়া ঐতিহ্যবাহী শহর লাহাইনার প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানান কর্মকর্তারা। খবর রয়টার্স।

গত বুধবার (৯ আগস্ট) রাতে দ্বীপটিতে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এর ফলে দ্বীপের পশ্চিম অংশ ও লাহাইনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে ২৭০টিরও বেশি স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপের কাছে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। আগুন ছড়িয়ে পড়তে এর বাতাসের যথেষ্ট ভূমিকা রয়েছে।

দ্বীপের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জারি হয়েছে জরুরি অবস্থা। তবে এখনো অনেক মানুষের নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে।

গত বুধবার ভোরে কিছু লোক আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দেন। অন্তত ১২ জনকে পানি থেকে উদ্ধারের খবর নিশ্চিত করেছে মার্কিন কোস্ট গার্ড।

শহরটিতে প্রায় ১২ হাজার লোক বাস। শুধু বাড়িঘরই নয় আগুনের শিকার হয়েছে নৌযানও।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে কর্মকর্তারা বলছেন, মাউইতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দুই হাজার ১০০ মানুষ।

আশঙ্কা করা হচ্ছে, ১৯৬১ সালের পর রাজ্যের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হতে যাচ্ছে এই দাবানল। ওই বছর সুনামিতে ৬১ জন প্রাণ হারিয়েছিলেন। মাউইয়ের গভর্নর জানিয়েছেন, দাবানলে আগুনে এরচেয়ে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন তারা।