যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৮০ বছরের মধ্যে প্রথম কোনো গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি মেক্সিকোর দক্ষিণ উপকূল থেকে ৬৪৩ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাতাসের গতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার, যা ক্রমেই বাড়ছে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আঘাত হানার পথে হারিকেন হিলারি। খবর আল জাজিরা।  

ন্যাশনাল হারিকেন সেন্টার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্তে দুদিনের মধ্যে সম্ভাব্য গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। হারিকেন হিলারি দ্রুত তীব্র হয়ে সাফফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি ৪-এ পৌঁছেছে। ঘণ্টায় ২৩০ কিমি বেগে শক্তিশালী ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতসহ ঘূর্ণিঝড়টি আঘাত আনবে বলে পূর্বাভাস করা হয়েছে। 

বাজা ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ এরই মধ্যে স্কুলগুলোর ক্লাস ও ইভেন্ট স্থগিত করেছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির হিসেবে বন্দরগুলো বন্ধ করে দিয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ক্যালিফোর্নিয়ার আবহাওয়ায় ইতিহাসে বিরল ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

আবহাওয়া চ্যানেল বিশেষজ্ঞ গ্রেগ পোস্টেল দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এ ধরনের ঘূর্ণিঝড়কে নজিরবিহীন”বলে অভিহিত করেছেন।

হারিকেন হিলারি এগিয়ে আসার সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় খোঁজার পরামর্শ দেয়া হয়েছে। মেক্সিকোর পুন্তা আব্রেওজোস থেকে পুন্টা ইউজেনিয়া পর্যন্ত হারিকেন আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।