রাজ্যাভিষেকের আগে রাজা তৃতীয় চার্লসকে চিঠি লিখেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগার পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা। এখানে চার বছরেরও বেশি সময় বন্দী রয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।

চিঠিটি লন্ডনের বেলমার্শ কারাগার থেকে অ্যাসাঞ্জের লেখা ও প্রকাশিত প্রথম কোনো নথি। সেখানে তার জীবনের ভয়াবহ কিছু অংশের বর্ণনা রয়েছে।

রাজ্যাভিষেকের মতো গুরুত্বপূর্ণ উপলক্ষকে কারাগারে আমন্ত্রণের কারণ উল্লেখ করে অ্যাসাঞ্জ জানান, বন্দীদের সঙ্গে কীভাবে আচরণ করা হয় তা থেকে একটি সমাজকে পরিমাপ করা যায়। ‘এখানে আপনার অনুগত প্রজাদের মধ্যে ৬৮৭ জনকে রাখা হয়েছে’, যা পশ্চিম ইউরোপের বৃহত্তম কয়েদির কারাগার হিসেবে যুক্তরাজ্যের রেকর্ড।

আফগানিস্তান ও ইরাক যুদ্ধ এবং সেইসঙ্গে কয়েক হাজার কূটনৈতিক নথি ফাঁসের অভিযোগের রয়েছে অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জের বিরুদ্ধে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ চেষ্টার বিরুদ্ধে লড়ছেন তিনি।

চিঠিতে যুক্তরাজ্যে কারাগার সম্প্রসারণে সরকারি প্রতিশ্রুতি নিয়ে বিদ্রূপ করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। প্রতিদিন দুই পাউন্ডের বাজেটের খাবারের প্রতি ব্যঙ্গাত্মক ইঙ্গিতও করেন। রাজনৈতিক বন্দী হিসেবে ‘বিশ্বমানের এই কারাগারে’ থাকতে পেরে ‘সম্মানিত’ বলেও লিখেছেন তিনি।

রাজাকে বেলমার্শের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা দেখার  আমন্ত্রণ জানান। যেখানে কয়েদিদের আর্তনাদ শোনা যায়, ‘ভাই, আমি এখানেই মরতে যাচ্ছি’।

উইকিলিকস প্রতিষ্ঠাতা লেখেন, আমি আপনাকে অনুরোধ করছি, বেলমার্শ কারাগার পরিদর্শন করুন। এটি একজন রাজার জন্য সম্মানজনক।

সব সময় কিং জেমস বাইবেলের ‘ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে’ লাইনগুলো স্মরণের অনুরোধও জানান অ্যাসাঞ্জ।

এদিকে গতকাল শুক্রবার (৫ মে) অ্যাসাঞ্জের আটক আবসানে কূটনৈতিক চেষ্টায় একমত হয়েছে অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা পিটার ডাটন ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা প্রকাশ্যে এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপ সমর্থন করলেন।