মধ্য গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গতকাল শনিবার (১৭ আগস্ট) এ হামলায় নিহতদের বেশিরভাগই একই পরিবারের এবং তাদের মধ্যে আটজন শিশু ও চারজন নারী। খবর রয়টার্স।

হামলার শিকার পরিবারটির প্রতিবেশী আবু আহমেদ হাসান বলেন, তারা সবাই ঘুমাচ্ছিল। বাচ্চারাও ছিল। তারপর তাদের বাড়িতে আঘাত করে তিনটি ক্ষেপণাস্ত্র। হাসান জানান, বাড়ির মালিক একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। এলাকাটিতেও কোনো সামরিক তৎপরতা ছিল না বলে যোগ করেন তিনি।

শনিবার মধ্য গাজায় ইসরায়েলের হামলায় দুই হামাস যোদ্ধাও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। মধ্য গাজায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় দুইজন সিনিয়র হামাস যোদ্ধা নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আজ রোববার (১৮ আগস্ট) ইসরায়েলে অবতরণ করবেন এবং আগামীকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেয়া এবং জিম্মিদের মুক্ত করা ব্লিনকেনের এই সফরের উদ্দেশ্য বলে জানিয়েছে হোয়াইট হাউস।