যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার (১৯ আগস্ট) ইসরায়েল ও হামাসকে সতর্ক করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির চুক্তি নিয়ে চলমান আলোচনা এবারই তাদের জন্য শেষ সুযোগ হতে পারে। খবর রয়টার্স।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস
গত সপ্তাহে কাতারে
অনুষ্ঠিত আলোচনা থেকে কোনো সমাধান আসেনি বলে সন্দেহ প্রকাশ করেছে। তবে মার্কিন
যুক্তরাষ্ট্রের একটি ব্রিজিং প্রস্তাবের ভিত্তিতে এ সপ্তাহে আলোচনা আবার
শুরু হবে।
ব্লিংকেন সোমবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী
বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী খান
ইউনিসে তাদের অভিযান আরো তীব্র করেছে।
ব্লিঙ্কেন বলেন, খুব
গুরুত্বপূর্ণ একটি সময় যাচ্ছে। যুদ্ধে বিরতি টানতে, বন্দিদের ঘরে ফিরিয়ে আনতে এবং
সবাইকে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে এগিয়ে নিতে এটিই সম্ভবত শেষ
সুযোগ।
প্রসঙ্গত, ইসরায়েলের সামরিক অভিযান গাজার বিশাল এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। যেখানে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত তাদের ২০৭ জন কর্মী নিহত হয়েছেন।










