যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অভ্যন্তরীণ নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডেন। পদের দায়িত্ব হিসেবে আমেরিকার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে সরকারকে জরুরি পরামর্শ ও নীতিনির্ধারণে তিনি অবদান রাখবেন। প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি এক বিবৃতিতে নীরার নতুন নিয়োগ দেয়ার তথ্য নিশ্চিত করেন। খবর এনডিটিভি।

এ পদে নীরা ট্যান্ডেনের পূর্বসূরি ছিলেন সাবেক মার্কিন কূটনীতিক সুসান রাইস। তবে ২০২১ সালের পর থেকে খালি ছিল পদটি। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে দেশের অভ্যন্তরীণ নীতিনির্ধারণ ও তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে সহযোগিতা করবেন নীরা ট্যান্ডেন। স্বাস্থ্যসেবা, অভিবাসন, শিক্ষা, অর্থনীতির গতিপ্রকৃতিসহ অভ্যন্তরীণ সব বিষয়ে আমরা কাজ করব।’

সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন ট্যান্ডেন। তবে ডেমোক্র্যাটিক পার্টির তিনজন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামা ও জো বাইডেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নীরা ট্যান্ডেন হলেন প্রথম এশীয়-মার্কিন নাগরিক, যিনি তার পেশাগত জীবনে তিন দফায় হোয়াইট হাউসের পলিসি কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বপালন করছেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ম্যাসাচুসেটসের বেডফোর্ড শহরে ১৯৭০ সালে জন্ম নীরা ট্যান্ডনের। জননীতি নির্ধারণে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। বর্ণাঢ্য এ অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় বাইডেন প্রশাসন।