ইন্দোনেশিয়ার রিসোর্ট হেভেন হিসেবে পরিচিত
বালি দ্বীপ পর্যটনে গুণতে হবে বাড়তি অর্থ। ওই অঞ্চলের সংস্কৃতি সংরক্ষণের জন্য বিদেশীদের
ওপর দেড় লাখ রুপিয়া বা ১০ ডলার কর আরোপ করা হচ্ছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
গতকাল বুধবার (১২ জুলাই) দেশটির কর্মকর্তারা
এ তথ্য নিশ্চিত করেছেন। সে হিসেবে আগামী বছর থেকে নতুন এই খরচের চাপ পড়বে পর্যটকদের
মানিব্যাগে।
পর্যটক-নির্ভর বালি প্রতি বছর লাখ লাখ
বিদেশী দর্শনার্থীকে আকর্ষণ করে। সমুদ্র সৈকতের জনপ্রিয়তাকে পুঁজি করে আয় বাড়ানোর
চেষ্টা করছে দেশটি। পাশাপাশি গ্রীষ্মমন্ডলীয় আবহওয়ার আকর্ষণ ধরে রাখতে চাইছে।
স্থানীয় গভর্নর আই ওয়ায়ান কোস্টার বলেছেন,
বিদেশী পর্যটকদের বালি সফরে শুধু একবারই এ ফি দিতে হবে। এটি বিদেশ বা ইন্দোনেশিয়ার
অন্যান্য অংশ থেকে বালিতে আসা বিদেশীদের জন্য প্রযোজ্য হবে।
তবে অভ্যন্তরীণ ইন্দোনেশিয়ান পর্যটকদের
জন্য ফি প্রযোজ্য হবে না।
সরকারী পরিসংখ্যান অনুসারে গত বছর দুই
লাখের বেশি পর্যটক এই দ্বীপে ভ্রমণ করেছেন। নতুন কর পর্যটকদের নিরুৎসাহিত করবে কি না
জানতে চাইলে গভর্নর বলেন, কর্তৃপক্ষ মনে করে না যে সংখ্যা কমবে।
কোস্টার বলেন, এ ফি আমরা পরিবেশ, সংস্কৃতি
ও উন্নতমানের অবকাঠামো তৈরিতে ব্যবহার করব। এতে বালি ভ্রমণ আরো আরামদায়ক ও নিরাপদ
হবে।










