লাদাখের কেয়ারি শহরে খাদে গাড়ি পড়ে নয় ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকালে লাদাখের রাজধানী লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারি যাচ্ছিল। পথে পিচ্ছিল সড়ক থেকে পিছলে পড়ে খাদে।

হিন্দুস্থান টাইমস জানায়, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে সাত বলা হলেও পরে আরো দুজন বাড়ে। লেহ-এর প্রতিরক্ষা বাহিনীর পিআরও লেফ্টন্যান্ট কর্নেল পিএস সিধু বলেন, মৃতের সংখ্যা নয় জনে গিয়ে দাঁড়িয়েছে। কনভয়টি লেহ থেকে কিয়ারির দিকে যাচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটে যায়।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক শোক বার্তায় এক্সে লেখেন, লাদাখের লেহ-এর কাছে দুর্ঘটনায় ভারতীয় সেনার জওয়ানদের প্রাণহানির ঘটনায় দুঃখিত। আমাদের দেশের জন্য তাদের অনুকরণীয় সেবা আমরা কখনই ভুলব না। আহত কর্মীদের দ্রুত ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

ওই বহরে তিনটি মারুতি জিপসি গাড়িতে ৩৪ জন সেনা ও তিনজন অফিসার ছিলেন। নিহতের একজন জুনিয়র কমিশনড অফিসার।