চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রুশ শীর্ষ ধনীদের সম্মিলিত নিট সম্পদ বেড়েছে ২ হাজার ৪০ কোটি ডলার। এ তালিকায় আধিপত্য বজায় রেখেছেন পণ্য খাতের ধনকুবেররা। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের হালনাগাদ তথ্যানুসারে খবরটি প্রকাশ করেছে আরটি।
সম্পদ অর্জনে একদম ওপরে রয়েছেন নরিলস্ক নিকেলের বৃহত্তম শেয়ারহোল্ডার ও রুশ শীর্ষ ধনী ভ্লাদিমির পোটানিন। বছরের প্রথম ছয় মাসে তার সম্পদে যুক্ত হয়েছে ২৫০ কোটি ডলার। বর্তমানে পোটানিনের সম্পদের আকার দাঁড়িয়েছে ৩ হাজার ৪০ কোটি ডলার।
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি লুকঅয়েলের প্রতিষ্ঠাতা ভাগিত আলেকপেরভ এখন ২ হাজার ৬৫০ কোটি ডলার সম্পদের মালিক। তার সম্পদ বেড়েছে ১১০ কোটি ডলার।
রুশ সম্পদশালীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান সেভারস্তালের চেয়ারম্যান আলেক্সেই মোরদাশভ। জানুয়ারি-জুনে তার সম্পদ ১৯০ কোটি ডলার বেড়ে হয়েছে ২ হাজার ৫২০ কোটি ডলার।
রুশ প্রাকৃতিক গ্যাস খাতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি নোভাটেকের অন্যতম মালিক লিওনিদ মিখেলসনের সম্পদ বেড়েছে ১৪০ কোটি ডলার। এখন তার মোট সম্পদ দাঁড়িয়েছে ২ হাজার ৩৮০ কোটি ডলার।
তবে রাশিয়ার শীর্ষ ইস্পাত কোম্পানি এনএলএমকের প্রধান অংশীদার ভ্লাদিমির লিসিন বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। ইস্পাতের দরপতনে তার সম্পদ কমেছে ৩৫০ কোটি ডলার। বর্তমানে তার সম্পদের আকার ২ হাজার ২২০ কোটি ডলার।
এছাড়া মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সহপ্রতিষ্ঠাতা পাভেল দুরভের সম্পদ চলতি বছরের প্রথমার্ধে ৩২০ কোটি ডলার বেড়ে হয়েছে ১ হাজার ৪৩০ কোটি ডলার।










