গত কয়েক ঘণ্টায় তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুল রহিম মুসাভি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযোগ করেন, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দুটিই মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টা অভিযানের মাধ্যমে ইসরায়েল তেহরানে রাজনৈতিক এবং প্রতিরক্ষা কাঠামোর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। বিশেষ করে এমন এক সময়ে যখন অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।










