মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর । বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের বামপন্থী এই নেতা। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুচেতন ভট্টাচার্য।
বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরো সদস্য ছিলেন।
বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০০ সালের ৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১৩ মে পর্যন্ত। আর উপমুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত। তিনি রাজ্য বিধানসভার সদস্য বা বিধায়ক ছিলেন ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত। ছিলেন রাজ্যের মন্ত্রীও। একজন কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিতি ছিল তাঁর। তাঁর জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর পর বুদ্ধদেবকে শ্রদ্ধা জানানোর বিষয়টি কীভাবে হবে, তা নিয়ে সিপিএম রাজ্যনেতৃত্ব আলোচনায় বসবেন। বুদ্ধদেব পলিটব্যুরোর সদস্য ছিলেন। ফলে দিল্লির নেতাদেরও তার শেষযাত্রায় একটা ভূমিকা থাকবে।
দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন বুদ্ধদেব। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত বাড়িতেই ছিলেন। আগেও একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব। সেই সময়েও কয়েক দিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে।










