পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে,
তার পরিপ্রেক্ষিতে অন্তত দুটি প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাঞ্জাব এবং খাইবার
পাখতুনখোয়া প্রদেশে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানো হচ্ছে। জিও নিউজের এক খবরে
বলা হয়েছে, বিক্ষোভ সহিংসতায় পেশোয়ারে ৪ জন নিহত হয়েছেন। কয়েকশ মানুষকে গ্রেফতার করেছে
পুলিশ।
পাকিস্তানের
পাঞ্জাব ও খাইবার পাকতুনখাওয়া প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাঞ্জাব সরকারের
অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ কোম্পানি সৈন্য মোতায়েন করার সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র
মন্ত্রণালয় জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করবে সেনাবাহিনী।
এর আগে আজ
বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানী ইসলামাবাদের পুলিশ
লাইন এলাকার একটি জবাবদিহি (অ্যাকাউন্টিবিলিটি) আদালতে ইমরান খানকে হাজির করার পর বিচারক
মোহাম্মদ বশির এই আদেশ দেন।
গণমাধ্যমটি
জানায়, এদিন কড়া নিরাপত্তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ (পিটিআই)
দলের প্রধান ইমরান খানকে ইসলামাবাদের পুলিশ লাইনসের আদালতে তোলা হয়েছে। দেশটির ন্যাশনাল
অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে।
পিটিআই চেয়ারম্যানের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে জানিয়েছে, যে মামলায় ইমরানকে
গ্রেফতার করা হয়েছে সেটি ব্যুরোর আওতার মধ্যে পড়ে না। তবে এনএবির কৌঁসুলি আদালতকে জানান,
গ্রেফতারের সময়ই ইমরানকে তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা দেখানো হয়েছে। প্রয়োজনীয় সব
নথিপত্র দেওয়া হবে বলে ইমরানের আইনজীবীকে আশ্বস্তও করেন তিনি।শুনানি শেষে বিচারক আট
দিনের রিমান্ড মঞ্জুর করেন।










