সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধি পুড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা। বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, উপকূলীয় লাতাকিয়া অঞ্চলের উত্তর-পশ্চিমে কারদাহা এলাকায় জ্বলন্ত সমাধিসৌধের চারপাশে সশস্ত্র ব্যক্তিরা স্লোগান দিচ্ছে।

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অভিযানে সিরিয়ায় আল-আসাদ বংশের ৫৪ বছরের শাসনের পতন ঘটে। বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান।

এরপরই প্রয়াত প্রেসিডেন্ট হাফিজ ও তার ছেলে বাশারের মূর্তি ও পোস্টার দেশজুড়ে নামিয়ে ফেলা হয়েছে।

২০১১ সালে আরব বসন্তের ছোঁয়া লাগে সিরিয়াতেও। সে সময় বাশার আল-আসাদ বিক্ষোভকারীদের নির্মমভাবে দমন করেন। যা পরে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে যায়। চলমান গৃহযুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়। ১ কোটি ২০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।

বাশারের পিতা হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়া শাসন করেন। তার মৃত্যুর পর ক্ষমায় আসেন বাশার আল আসাদ। গত রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর আগে ধারাবাহিক অভিযানে বিদ্রোহীরা সিরিয়ার বড় বড় শহরগুলো একের পর এক দখল করে নেয়।