জাপানে এপসিলন এস ছোট রকেটে ব্যবহারের জন্য তৈরি একটি ইঞ্জিন বিস্ফোরিত হয়েছে। আজ শুক্রবার (১৪ জুলাই) আকিতা প্রিফেকচারের একটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। যা দেশটির মহাকাশ সংস্থার জন্য একটি বড় ধাক্কা। খবর দ্য জাপান টাইমস।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) ও পুলিশ জানিয়েছে, নোশিরো টেস্টিং সেন্টারের এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

ওই সময় সংবাদমাধ্যম ও মহাকাশ বিষয়ে উৎসাহী জনতা গবেষণা কেন্দ্রের বাইরে জড়ো হয়েছিলেন।

দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট শুরু হওয়ার প্রায় এক মিনিট পর এ ঘটনা ঘটে। ইঞ্জিনে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে ও বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে ভবনের ছাদ ও বাইরের দেয়ালের একটি অংশ উড়ে যায়। সকাল ৯টার দিকে প্রাথমিক বিস্ফোরণের প্রায় দুই ঘণ্টা পর দমকলকর্মীরা ভবনের আগুন নিভিয়ে ফেলে।

ক্রমবর্ধমান স্যাটেলাইট উৎক্ষেপণের বাজারে এগিয়ে থাকতে জেএএক্সএ এপসিলন সিরিজের উত্তরসূরী হিসেবে এপসিলন এস নিয়ে কাজ করছে। সাম্প্রতিক বিস্ফোরণটি সেই অগ্রগতিকে খানিকটা কমিয়ে দিতে পারে।

এ সিরিজে দুর্ঘটনা এবারই প্রথম নয়। প্রথম রকেটটি ২০১৩ সালে বিস্ফোরিত হয়। এরপর গত বছর এপসিলন সিক্স ধ্বংস হওয়া আগে পাঁচটি মডেলের সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।