ভারতের প্রতিরক্ষা
সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন নথি পাকিস্তানে পাচারের অভিযোগ উঠেছে দেশটির এক বিজ্ঞানীর
বিরুদ্ধে। জানা গেছে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
অর্গানাইজেশনের (ডিআরডিও) বিজ্ঞানী তিনি। গত বুধবার (৩ মে) তাকে গ্রেফতার করে মহারাষ্ট্রের
জঙ্গি দমন শাখা এটিএস। খবর এনডিটিভি।
এসটিএস কর্মকর্তারা
জানিয়েছেন, পুনেতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ওই বিজ্ঞানী। ডিআরডিও
থেকে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক নথি ‘পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ (পিআইও)’–কে
সরবরাহ করছিলেন তিনি। গত বুধবারও তিনি পিআইও’র
এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপরই বিষয়টি এটিএসের নজরে আসে।
অভিযুক্ত বিজ্ঞানী সোশ্যাল মিডিয়ায় ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পিআইও–এর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ওই বিজ্ঞানী ডিআরডিও’র গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই অনেক গোপন নথি সম্পর্কেও জানতেন। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
এসটিএস জানিয়েছে, ওই বিজ্ঞানী পাকিস্তানের ‘হানিট্র্যাপে’ পড়েছিলেন। প্রসঙ্গত, সুন্দরী নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার পদ্ধতিকে হানিট্র্যাপ বলা হয়।










