যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের জন্য বর্তমানে মিনেসোটার গভর্নর এবং প্রগতিশীল রাজনীতিক বলে পরিচিত টিম ওয়ালজকে রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ও যুক্তরাজ্যের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর বিবিসি।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কমলা হ্যারিস তার রানিং মেট হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেন। সামাজিক মাধ্যম এক্স-এ হ্যারিস বলেছেন, 'আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি টিম ওয়ালজকে আমার রানিংমেট হতে বলেছি। গভর্নর, প্রশিক্ষক, শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে যাচ্ছেন। তাকে আমার টিমে পাওয়া খুব বড় ব্যাপার।'
টিম ওয়ালজও এক্স-এ লিখেছেন, 'আমার কাছে এটা খুব বড় সম্মান। আমি রাজি। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দেখিয়ে দিচ্ছেন, রাজনীতিতে কী করা সম্ভব। এটা আমাকে স্কুলের প্রথম দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।'
এদিকে হ্যারিস মঙ্গলবার নিজের মনোনীত রার্নি মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নিয়ে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া থেকে প্রচার সমাবেশ শুরু করছেন। তাদের প্রচারণাকে ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই’ হিসেবে বর্ণনা করেছেন হ্যারিস।
রানিং মেট বেছে নিতে তিনি সম্ভাবনাময় কয়েকজন প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে পরে এই তালিকা সীমিত করে সোমবার দুইজনকে নির্বাচন করেন। এর একজন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং অপরজন পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো। শেষ পর্যন্ত টিম ওয়ালজকেই বেছে নিলেন হ্যারিস।
মিনেসোটার গভর্নর হিসাবে ওয়ালজের নানা অর্জনের কথা লিখেছেন হ্যারিস। ওয়ালজ কীভাবে গর্ভপাতের অধিকার রক্ষার চেষ্টা করেছেন এবং রাজ্যজুড়ে পরিবারকে সময় দিতে কিংবা চিকিৎসার জন্য সবেতন ছুটির ব্যবস্থা করেছেন, তা হ্যারিস তুলে ধরেছেন।










