সামরিক আইন জারির ঘোষণা এবং চাপের মুখে তা প্রত্যাহারের পর প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে এবার অভিশংসন প্রক্রিয়া শুরু করেছেন দক্ষিণ কোরিয়ার এমপিরা। আইনপ্রণেতারা বুধবার (৪ ডিসেম্বর) তার বিরুদ্ধে বিল এনে এ প্রক্রিয়া শুরু করেছে।

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানায়, অভিশংসন ভোট হতে পারে শুক্র কিংবা শনিবার। ছয়টি বিরোধী দল আগে প্রেসিডেন্টকে অভিশংসন করতে একটি প্রস্তাব জমা দেয়। তারা এ প্রস্তাব বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পার্লামেন্টের প্লেনারি সেশনে উপস্থাপন করার পরিকল্পনা করেছে।

নিয়মানুযায়ী প্রস্তাবের ওপর ভোট হতে হবে ৭২ ঘণ্টার মধ্যেই। সে অনুযায়ী ভোটাভুটি হতে হবে শুক্রবার (৬ ডিসেম্বর) কিংবা শনিবার (৭ ডিসেম্বর)।

কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে দেয়া আকস্মিক এক ভাষণে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়ার সুরক্ষায় এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে নির্মূল করতে এ পদক্ষেপ নেয়া জরুরি বলে জানিয়েছিলেন তিনি।

পরে পার্লামেন্টের চাপের মুখে কয়েক ঘণ্টা পরই তা প্রত্যাহার করে নিতে বাধ্য হন ইওল। তার রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা এবং গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টাকে পার্লামেন্ট পুরোপুরি প্রত্যাখ্যান করে।