প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের
সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের বিরোধ নতুন কোনো বিষয় নয়। তার ছাপ রাজা তৃতীয় চার্লসের
রাজ্যাভিষেক অনুষ্ঠানেও পড়েছে।
৭০ বছরে প্রথম কোনো রাজ্যাভিষেক হচ্ছে
যুক্তরাজ্যে। যার শুরু হবে আজ লন্ডন স্থানীয় সময় শনিবার (৬ মে) সকালে।
বিবিসি জানায়, অভিষেক অনুষ্ঠান প্রায় ২
ঘণ্টা ধরে চলবে। একেবারে সামনাসামনি বসে দেখবেন ২৩০০ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন ডিউক
অফ সাসেক্স প্রিন্স হ্যারি। তিনি গতকাল যুক্তরাষ্ট্র থেকে সাধারণ ফ্লাইটে লন্ডন পৌঁছান।
এর আগে বড় ভাই প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের
সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানান প্রিন্স হ্যারি।
তবে মেগান যুক্তরাষ্ট্রেই আছেন। অভিষেক
অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রিন্স হ্যারি সেখানে ফেরত যাবেন বলে মনে করা
হচ্ছে।
এদিকে সূত্রের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ
জানায়, প্রিন্স হ্যারিকে সামরিক পোশাক পরার অনুমতি দেয়া হয়নি। তিনি দশ বছর সেনাবাহিনীতে
কাজ করেছেন ও আফগানিস্তানে দুটি সফর করেছেন। তবে বর্তমানে রাজকীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না
থাকায় তাকে সামরিক ইউনিফর্ম পরার অনুমতি দেওয়া হয়নি। এর বদলে মর্নিং স্যুট পরবেন।
গত সেপ্টেম্বরে দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়াসহ
আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানেও একই রাজকীয় প্রোটোকল অনুসরণ করা হয়।
বর্তমানে রাজা তৃতীয় চার্লস ও রানীকে ঘোড়ার
গাড়িতে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে যাওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে
সেন্ট্রাল লন্ডনে থাকছে ব্যাপক নিরাপত্তা।
রানী এলিজাবেথ দ্বিতীয় মারা যাওয়ার পর চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান।
কয়েকমাস ধরে ব্যাপক পরিকল্পনার পর এই ৪০তম
অভিষেক ১০৬৬ সালের পর আবারো ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।










