জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচনে শিগেরু ইশিবা জয়লাভ করেছেন। জাপানে পার্লামেন্টের উভয় কক্ষে এলডিপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলের নতুন প্রধান হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইশিবার নির্বাচিত হওয়া একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে তিনি ক্ষমতাসীন ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন। খবর বিবিসি।

৬৭ বছর বয়সী আইনপ্রণেতা শিগেরু ইশিবা ২১৫ ভোট পেয়ে এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৯৪ ভোট পাওয়া তার নারী প্রতিদ্বন্দ্বী সানায়ে তাকাইচিকে পরাজিত করেন তিনি।

কিশিদার উত্তরসূরী হিসেবে অপ্রদর্শিত আয় এবং রাজনৈতিক তহবিলের অপব্যবহারের সঙ্গে জড়িত কেলেঙ্কারির পর রাজনীতিতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা হবে ইশিবার অন্যতম কাজ। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

এলডিপির প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, এলডিপির মধ্যে আস্থা ও ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় পূর্ণ প্রচেষ্টা থাকবে। দলকে এমনভাবে পুনর্গঠন করা হবে যেখানে নিয়ম মেনে চলা হবে এবং জনগণ নেতাদের জবাবদিহি করতে পারবে।

ইশিবা প্রতিনিধি পরিষদের সম্ভাব্য বিলুপ্তির বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, দেশে একটি জাতীয় নির্বাচন প্রয়োজন। তবে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বিরোধী দলগুলোর সঙ্গে মূল বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করা হবে।

বক্তব্যে প্রকৃত মজুরি বৃদ্ধি ত্বরান্বিত করা এবং ভোক্তা ব্যয় বাড়ানোর পদক্ষেপের ওপর জোর দিয়ে তিনি জাপানের জনসংখ্যা হ্রাসকে একটি বড় উদ্বেগ হিসেবে তুলে ধরেন।