টানা ষষ্ঠ দিনের মতো আজ বুধবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এবারের হামলায় তেহরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তার মধ্যে অন্যতম ‘সেজ্জিল’। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড জানিয়েছে, তারা এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে। খবর আল জাজিরা।
সেজ্জিল একটি দুই ধাপবিশিষ্ট সলিড-প্রোপেল্যান্ট (গুঁড়ো জ্বালানিচালিত) মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। যা ইরানেই নকশা ও তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্ট অনুসারে, এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৮ মিটার (৫৯ ফুট) লম্বা। এর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার (১,২৪২ মাইল) পর্যন্ত।
সেজ্জিল প্রায় ৭০০ কেজি (১,৫৪৩ পাউন্ড) ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। যা একে একটি কৌশলগত অস্ত্রে পরিণত করে। সলিড ফুয়েল ব্যবহারের ফলে এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং কম প্রস্তুতি সময়ে উৎক্ষেপণ করা যায়। যা ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক।
সেজ্জিলের মূল বৈশিষ্ট্য হলো এর গতিবেগ ও পাল্লা। যা ইসরায়েলসহ আঞ্চলিক প্রতিপক্ষের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারে। এটি আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতেও সক্ষম, বিশেষ করে যদি একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।










