রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে জেনেভায় চলমান শান্তি আলোচনায় 'সংশোধিত শান্তি প্রস্তাবে'র ওপর কাজ করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন। দুই পক্ষই জানিয়েছে, বৈঠকে ‘অগ্রগতি’ হয়েছে এবং ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। তবে মস্কো ও কিয়েভের মধ্যে সীমানা-সংক্রান্ত বিরোধ এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে যে ব্যাপক মতপার্থক্য রয়েছে, তা কীভাবে দূর করা হবে—সে বিষয়ে কোনো বিস্তারিত জানা যায়নি। খবর বিবিসি ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আলোচনাকে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে। তবে তিনি রাশিয়ার দাবি অনুযায়ী পূর্ব ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলগুলোকে আইনি স্বীকৃতি দেয়া এ শান্তি আলোচনার ‘মূল সমস্যা’ হিসেবে চিহ্নিত করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এটি ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের নীতিকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে তার আশঙ্কা এ ধরনের স্বীকৃতির জোর করে ভূমি দখল করার পুরস্কার হিসেবে বিবেচিত হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইঙ্গিত দেন যে “কিছু ভালো হয়তো ঘটতে পারে। তবে জেনেভার আলোচনায় কোনো রুশ প্রতিনিধি ছিল না। ক্রেমলিন জানিয়েছে, আলোচনার ফলাফল সম্পর্কে তারা কোনো তথ্য পায়নি।তাদের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন যে পরিকল্পনাকে স্বাগত জানিয়েছিলেন, তাতে “কিছু সংশোধন” আনা হয়েছে বলে মস্কো অবগত। এর বাইরে আমাদের কিছুই জানানো হয়নি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের প্রণীত ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা ইউক্রেনকে উপস্থাপন করা হয়। পরিকল্পনার বেশ কয়েকটি অংশ মস্কোর দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন, তার দেশকে "একটি খুব কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে, হয় মর্যাদা হারানো অথবা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হারানোর ঝুঁকিও আসতে পারে।"










