রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জেরে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অত্যন্ত উসকানিমূলক মন্তব্যের জেরে উপযুক্ত অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।’

ট্রাম্প বলেন, ‘এসব মূর্খ ও জ্বালাময়ী কথাগুলো যদি নিছক কথার কথা না হয়ে থাকে, সে কারণেই আমি এ ব্যবস্থা নিয়েছি। কথা খুবই গুরুত্বপূর্ণ, এটি প্রায়ই অনিচ্ছাকৃত পরিণতি ডেকে আনতে পারে। আমি আশা করি, এবার তেমন কিছু ঘটবে না।’

তবে সাবমেরিনগুলো ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি সেগুলো পারমাণবিক অস্ত্র সজ্জিত নাকি শুধু পারমাণবিক শক্তিচালিত, তাও স্পষ্ট করেননি তিনি।

বিবিসি বলছে, সম্প্রতি ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে ট্রাম্পের দেয়া ‘চূড়ান্ত সময়সীমা’ ও যুদ্ধবিরতির আহ্বান ঘিরে মেদভেদেভ একাধিকবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বেশকিছু মন্তব্য করেছেন। এর জবাবে মেদভেদেভকে ‘রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট’ অভিহিত করেছেন ট্রাম্প।

কয়েকদিন ধরেই ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধ চলছে। সম্প্রতি ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘তারা চাইলে নিজেদের ডেড ইকোনমি একসঙ্গে ডুবাক, আমার কিছু যায় আসে না।’ মেদভেদেভ সম্পর্কে ট্রাম্প আরো বলেছেন, ‘রাশিয়ার সাবেক এ ব্যর্থ প্রেসিডেন্ট এখনো নিজেকে প্রেসিডেন্ট মনে করেন। তাকে বলছি, ভেবেচিন্তে কথা বলুন। তিনি খুব বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করছেন।’ ট্রাম্পের এ মন্তব্যের জবাবেও প্রতিক্রিয়া জানিয়েছেন মেদভেদেভ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, ‘রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের কথায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রেসিডেন্ট এতটা বিচলিত হলে বুঝতে হবে রাশিয়া পুরোপুরি সঠিক পথেই আছে। আমরা আমাদের পথে এগিয়ে যাব।’

পাশাপাশি ট্রাম্পকে কটাক্ষ করে মেদভেদেভ আরো বলেন, ‘তিনি যেন জম্বি টিভি ড্রামা দ্য ওয়াকিং ডেড সিরিজের কথা মনে করেন এবং সোভিয়েত যুগের ডেড হ্যান্ড পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা ভয়ানক হতে পারে তা যেন ভুলে না যান। যদিও এর কোনো অস্তিত্ব নেই।’

ডেড হ্যান্ড ছিল স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা পাল্টা আক্রমণ চালাতে সক্ষম ছিল বলে দাবি করা হয়। যদিও সোভিয়েত সরকার এর অস্তিত্ব কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে রাশিয়ার কিছু সাবেক কর্মকর্তার দাবি, ১৯৮৫ সালে এটি মোতায়েন করা হয় এবং রাশিয়ার হাতে আজও এ ব্যবস্থা আছে।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করার প্রস্তাবিত সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০ বা ১২ দিন করেছেন ট্রাম্প। চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপানোর ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করেন মেদভেদেভ। প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহাস করে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে ট্রাম্প আলটিমেটাম আলটিমেটাম খেলছেন। প্রতিটি নতুন আলটিমেটাম কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যেই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের দিকেও এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে।’