হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত একজন দমকলকর্মী। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বাহিনীর অন্তত ৭০০ সদস্য কাজ করছেন। খবর আল জাজিরা।

বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলের ওয়াং ফুক কোর্ট নামে আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় বেলা ২টা ৫১ মিনিটে স্থানীয় দমকল বাহিনী আগুন লাগার খবর পায়। ৩১ তলা বিশিষ্ট আটটি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে সাড়ে চার হাজারেরও বেশি মানুষের বসবাস।

স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্রায় এক বছর ধরে টাওয়ারগুলোয় সংস্কারকাজ চলছিল। এ কারণে এর বাইরের দিকে বাঁশের মাচা লাগানো ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর সেই মাচার অংশ ভেঙে পড়তে দেখা গেছে। আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপ্লেক্সের তিনটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে লাগানো বাঁশের মাচায় প্রথমে বিশাল আকারের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। মুহুর্তেই তা ভবনের অন্য অংশে ও পরে অন্য ব্লকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর হওয়ায় আগুনের সর্বোচ্চ সতর্কতা মাত্রা জারি করে দমকল বিভাগ।

স্থানীয় বাসিন্দা ৫৭ বছর বয়সী সো এএফপিকে বলেছেন, সম্পত্তির ক্ষতি নিয়ে কিছু করার নেই। মনে হচ্ছে ভেতরে লোকজন আটকে আছে। এটি খুবই ভয়ের। একটাই প্রত্যাশা, সবাই যেন নিরাপদে ফিরে আসতে পারে।

আবাসিক এলাকাটিতে আগুন লাগার সময় সেখানে থাকা আল জাজিরার সাংবাদিক লরা ওয়েস্টব্রুক জানান, বাঁশের মাচা ধরে আগুন দ্রুত অন্য ব্লকে ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, ঘটনাস্থলের আশপাশে অনেকটা দূর পর্যন্ত ধোঁয়ার গন্ধ পাওয়া যাচ্ছিল। একটু পর পর ধ্বংসাবশেষ ধসে পড়ার শব্দ শোনা যাচ্ছিল।

হংকং ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর চান ডেরেক আর্মস্ট্রং জানিয়েছেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। সে সময় বাসিন্দাদের কাছ থেকে অসংখ্য সাহায্যের কল আসে। তিনি আরো জানান, ভবনগুলোর ধ্বংসাবশেষ ও বাঁশের মাচা ভেঙে পড়ায় দমকলকর্মীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে। ভবনের ভেতরের তাপমাত্রা অত্যন্ত বেশি হওয়ায় ভবনগুলোর ওপরের দিকে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে।