জার্মানির উত্তর অঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশ ধারণা করছে, বন্দুকধারী একজনই ছিল, তিনিও মারা গেছেন। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের হিসেবে আক্রমণকারীসহ ৬ বা ৭ জন মারা যেতে পারে।

পুলিশ জানায়, এই হামলার উদ্দেশ্যে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ওই সময় শহরের রাস্তায় গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ জানায়, হামলার স্থানে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনিই হামলাকারী ছিলেন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে পৌনে নয়টার দিকে হামলার খবর পায় পুলিশ।

হামলাকারী একাধিকজন ছিল, এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ পায়নি আইনশৃঙ্খলাবাহিনী। এ ছাড়া ভুক্তভোগীদের শনাক্ত করা যায়নি।

পুলিশ মুখপাত্র হোলগার ভেহরেন জানান, ঘটনাস্থলে আসার পরও তারা গুলির শব্দ শোনেন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করে বলেন, ‘আমরা শুধু এই জানি বেশ কয়েকজন মারা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি গ্রোট টুইটারে জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওই গির্জাটি মূলত খ্রিস্টান-ভিত্তিক ধর্মীয় আন্দোলন যিহোবা’স উইটনেসের সদস্যরা ব্যবহার করেন। ১৯ শতকের শেষের দিকে যুক্তরাষ্ট্রে চার্লস টেজ রাসেলের নেতৃত্বে এই সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়। এ আন্দোলনের সদর দফতর নিউইয়র্কে।