ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের সবশেষ নৌযানটিকেও আটক করেছে ইসরায়েল। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে ওই নৌযান থেকে সম্প্রচারিত লাইভ ভিডিওতে ইসরায়েলি বাহিনীকে সেটির গতিপথ পরিবর্তনে বাধ্য করতে দেখা যায়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে থাকা ৪৪টি বেসরকারি নৌযানের মধ্যে ম্যারিনেট বাদে সবকটিকে আগেই আটক করেছিল ইসরায়েল। বহরের অবশিষ্ট একমাত্র নৌযান হিসেবে আজ সকাল পর্যন্ত গাজার পথে এগিয়ে যাচ্ছিল ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী নৌযানটিতে এ মুহূর্তে ছয়জন ক্রু রয়েছেন।

শুক্রবার প্রথম প্রহরের কিছু আগে অর্থাৎ ভোর ৪টার দিকে নৌযানটির লাইভ ভিডিও ফিডে দেখা যায়, ভূমধ্যসাগরে নৌযানটিকে গাজার দিকে নিয়ে নিচ্ছেন ক্রুরা। তাদের পেছন দিক থেকে সূর্য উঠছে। লাইভ জিও ট্রাকার বা অবস্থান শনাক্ত করা ওয়েবসাইটের তথ্য বলছে, নৌযানটি শেষ খবর পাওয়া পর্যন্ত গাজা জলসীমা থেকে ৪৩ নটিকাল মাইল বা ৮০ কিলোমিটার দূরে ছিল।

বৃহস্পতিবার রাতে ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ম্যারিনেট নৌযানটির ক্যাপটেন। নিজেকে কেমেরুন বলে পরিচয় দেয়া ওই ব্যক্তি জানান, ইঞ্জিনসংক্রান্ত জটিলতার কারণে নৌযানটি মূল বহর থেকে খানিকটা পিছিয়ে পড়েছিল।

বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক ব্যক্তিকে বহন করা ৪৪ নৌযানের বহরের সবকটি নৌযানকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েল। সেগুলোকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হচ্ছে। সেখান থেকে আরোহীদের ইউরোপে ফেরত পাঠানো হবে।