আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র। দীর্ঘকাল ডেমোক্রেটিক পার্টির হয়ে রাজনীতি করা নামের আদ্যক্ষর ‘আরএফকে’ দিয়ে পরিচিত এই রাজনীতিবিদ রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়া ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি।

৭০ বছর বয়সী আরএফকে তার জীবনের বেশিরভাগ সময় ডেমোক্র্যাট ছিলেন এবং কেনেডি বংশের অন্যতম সদস্য। তিনি বলেন, যেসব কারণে তিনি দল ত্যাগ করতে বাধ্য হয়েছিল সেই কারণগুলোই এখন তাকে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সমর্থন করতে অনুপ্রাণিত করেছে।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) অ্যারিজোনার ফিনিক্সে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১০টি গুরুত্বপূর্ণ রাজ্যে ব্যালট থেকে নিজের নাম সরানোর চেষ্টা করবেন তিনি।

ট্রাম্প এ ঘটনায় গ্লেনডেলের জনসমাবেশে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে ধন্যবাদ জানান এবং মঞ্চে ডেকে নেন। কেনেডিকে মঞ্চে স্বাগত জানিয়ে তাকে ‘অসাধারণ’ এবং ‘প্রতিভাবান’ হিসেবে প্রশংসা করেন।  অন্যদিকে, ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, তিনি কেনেডি সমর্থকদের আস্থা ও সমর্থন অর্জন করার চেষ্টা করবেন।

বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলেও এর আগে রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে ব্যর্থ হয়ে তিনি স্বতন্ত্র হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলে রিপাবলিকান পার্টির প্রার্থীর পক্ষে সুইং স্টেটগুলোতে বেশ খানিকটা সুবিধা করা সম্ভব হবে।