বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি আর
নেই। ৩১ বছর বয়সে গতকাল রোববার (২২ অক্টোবর) মারা গেছে এ চারপেয়ে। মার্কিন পশু চিকিৎসক
ক্যারেন বেকার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
যারা ববিকে ভালোবাসত তাদের উদ্দেশে
ফেসবুক বার্তায় ক্যারেন লেখেন, সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা সত্ত্বেও পৃথিবীতে ১১ হাজার
৪৭৮ দিন ববির ভক্তদের জন্য যথেষ্ট নয়।
বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে পর্তুগিজ কুকুরটির নাম ওঠার পর গত ফেব্রুয়ারিতে ববির সঙ্গে
দেখা করেন ক্যারেন বেকার। ওই সময় কুকুরটির বয়স ছিল ৩০ বছর ২৬৬ দিন। এছাড়া গত মে মাসে
ববির ৩১তম জন্মবার্ষিকীতেও উপস্থিত ছিলেন এ চিকিৎসক।
ববির মালিক লিওনেল কস্তাকে উল্লেখ করে
ক্যারেন জানান, কুকুরটির ব্যতিক্রমী দীর্ঘ জীবনের পেছনে ছিল পুষ্টিকর খাবার, প্রকৃতির
সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ, চলাফেরার স্বাধীনতা, ধারাবাহিক যত্ন ও ভালোবাসা।
১৯৯২ সালে লিরিয়া পৌরসভার ভেটেরিনারি
মেডিকেল সার্ভিসে নিবন্ধিত নথির মাধ্যমে ববির জন্ম তারিখ সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন
লিওনেল।









