চীনের শানডং প্রদেশে জনতার ভিড়ে একটি স্কুল বাস ঢুকে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিক্ষার্থীও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়া এ দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি।

স্কুল বাসটি তাই'আন শহরের একটি স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী এবং অভিভাবকদের ধাক্কা মারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্কুল বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এর চালক। পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং বাসচালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা এখনো স্পষ্ট নয়।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম হতাহতের ঘটনাটি নিশ্চিত করে বলেছে, এখন পর্যন্ত মোট ১১ জন মারা গেছেন। যার মধ্যে ছয়জন অভিভাবক এবং পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।

আহত অন্য ১২ জনের অবস্থা স্থিতিশীল বলে জানান হয়েছে।

ঘটনার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কিছু মানুষ বাসের নিচে আটকা পড়েছে।

শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের শুরুতে স্কুলে ফেরার মাত্র কয়েক দিন পরই ঘটল এই দুর্ঘটনা।